কোনো কোনো প্রতিষ্ঠান নিজের মত করে বড় হতে চায়, নিজের সংস্কৃতি, নিজের আইডিওলজি, নিজের মানুষদেরকে নিয়ে | ভুল নয়, কিন্তু এটা অখণ্ড সত্যও নয় | আসা যাওয়ার দরকার আছে | মিশেল লাগে, নাহলে শেখা অসম্পূর্ণ থেকে যায় | যদি সহজতা বজায় থাকে, যদি ন্যায্যতা, প্রয়োজন আর যোগ্যতা কম্প্রোমাইজ না হয় – তবে দরজা খোলা থাকাই বোধহয় ভালো |
অনেকদিন আগের কথা | কপাল গুণে এক ভদ্রলোকের (রাশেদুল আলম স্যার, মেঘনা ব্যাংকের বর্তমান হেড অফ এইচ আর ) সাথে ৪ মাস কাজ করার সুযোগ পেয়েছিলাম, জ্ঞানী মানুষ | পড়তে পছন্দ করতেন | খোলা মন নিয়ে একদিন কথা বলছিলেন আমার সাথে, হঠাৎ বললেন – বৈশাখে যে একটা গাছ আগুন লাগা সৌন্দর্য নিয়ে রাস্তা সাজায়, দেখেছো ? আমি বললাম – স্যার, কৃষ্ণচূড়া ?
হেসে বললেন, হ্যাঁ | সুন্দর, সেটা মানো তো ?
আমি বললাম – মানি |
তার চোখে মুখে হাসি খেলে গেলো – তো, ওটা তো বহিরাগত | এসেছে পূর্ব আফ্রিকার মাদাগাস্কার থেকে, কিন্তু কি সুন্দর, না ?
আমি ততক্ষণে জেনে গেছি, ভদ্রলোক আসলে গল্পচ্ছলে এক গভীর সত্যকে সহজভাবে বলে দিয়েছেন | আমার কোথাও হয়তো কোনো রিজিডিটি তার চোখে পড়েছিল, বিনা তর্কে সত্যকে আমার সামনে এনে দিয়েছেন |
- Home
- দরজা খোলা থাকাই বোধহয় ভালো